ঝিনাইদহে প্রবাসী মাহাবুব হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৫:২৩ পিএম
ঝিনাইদহে প্রবাসী মাহাবুব হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে প্রবাসী মাহাবুব হোসেন হত্যা মামলায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার কালা গ্রামে ঝিনাইদহ-মাগুরা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহতের পিতা সাব্দার বিশ্বাস, ভাই রুবেল হোসেন, স্ত্রী শম্পা খাতুন, খালা ছবেদা খাতুন, পদ্মাকর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আতিক হোসেন মল্লিক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহন জমাদ্দারসহ অন্যান্য এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, প্রবাসী মাহাবুব হোসেন হত্যার ৪ দিন পেরিয়ে গেলেও মাত্র একজন আসামী গ্রেপ্তার হয়েছে। তারা দ্রুত বাকি আসামীদের গ্রেপ্তারের দাবি জানান।

গত শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কম্বোডিয়া প্রবাসী মাহাবুবকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০–১২ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ইএইচ