বাগেরহাটে নারী ও যুবকদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৩:৩৮ পিএম
বাগেরহাটে নারী ও যুবকদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সম্মেলন

বাগেরহাটে নারী এবং যুবকদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দিনব্যাপি শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর উদ্যোগে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।

সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) বাগেরহাটের সভাপতি শেখ মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, আইআরভি’র নির্বাহী পরিচালক মেরিনা যুথি, বাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরল হাসান মিলন প্রমুখ।

সম্মেলনে নির্বাচন ও নির্বাচনী বিভিন্ন কাজে নারী ও যুবকদের অংশগ্রহণ বৃদ্ধির নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে অংশগ্রহণ করা মাহফুজ নামের এক যুবক বলেন, “দীর্ঘদিন ধরে ভোটাররা তাদের পছন্দমতো ভোট দিতে পারেনি। অনেককেই জোর করে একটি রাজনৈতিক দলের সভা-সমাবেশে নিয়ে যাওয়া হতো। আমরা এ ধরণের কার্যক্রম বন্ধ চাই।”

বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম বলেন, “ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমাদের সকলকে সচেতন হতে হবে। ভোট প্রদানের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা ও দক্ষতার বিষয় বিবেচনায় নিতে হবে। এমন প্রার্থীকে ভোট দিতে হবে যে নির্বাচিত হওয়ার আগে ও পরে মানুষের জন্য কাজ করবে।”

আইআরভি’র নির্বাহী পরিচালক মেরিনা যুথি বলেন, “আমাদের দেশে জনসংখ্যার হিসেবে নারী ও পুরুষ সমান। তারপরও রাজনীতিতে নারীদের অংশগ্রহণ খুবই সীমিত। রাজনীতি ও সামাজিক সকল কাজে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। এজন্য নারীদের দক্ষতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সংস্থাকে কাজ করার আহ্বান জানাই।”

এর আগে নাগরিক সম্মেলন উপলক্ষে আইআরভির আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়।

ইএইচ