ঝিনাইদহ শহরের পবহাটিতে পারিবারিক বিরোধের জেরে মুরাদ হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ পবহাটি মণ্ডলপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি মুরাদের বাবা মারা যান। বাবার মৃত্যুর পর কুলখানি না করায় চাচাতো ভাই আলম মণ্ডল ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয়ের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। এর জের ধরে শনিবার দুপুরে আলম মণ্ডলের ছেলে সৌরভ তিনটি মোটরসাইকেলে কয়েকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
পবহাটি সিটি মোড়ে বসে থাকা অবস্থায় মুরাদের ওপর এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্বজন ও স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
ঝিনাইদহ সদর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন