রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৬:১৭ পিএম
রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার ড. মো. জিললুর রহমান। সম্প্রতি তিনি আরএমপির ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৮তম বিসিএসের মাধ্যমে ১৯৯৯ সালে পুলিশ বাহিনীতে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক মিশনেও দেশের সুনাম অর্জন করেন এই কর্মকর্তা। তিনি বগুড়ার কৃতি সন্তান।

রোববার দুপুর ১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত কমিশনার বলেন, জুলাইয়ের ঘটনায় যেসব মানুষ আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি আরও বলেন, রাজশাহীর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা এবং একটি নিরাপদ নগর গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। এ জন্য গণমাধ্যম, নাগরিক সমাজ, প্রশাসন ও সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কমিশনার জানান, রাজশাহী মহানগরীকে সম্পূর্ণভাবে আইনের শাসনের অধীনে পরিচালিত করতে চাই। জনগণের স্বার্থে যা করণীয়, সে বিষয়ে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।

সভায় উপস্থিত সাংবাদিকদের মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন নবাগত কমিশনার। সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

মতবিনিময় ও পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন- আরএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নাজমুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

জেএইচআর