ফরিদপুরে নতুন এনসিপির কমিটি থেকে আরেক নেতার পদত্যাগ 

ফরিদপুর প্রতিনিধি  প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১১:১৫ এএম
ফরিদপুরে নতুন এনসিপির কমিটি থেকে আরেক নেতার পদত্যাগ 

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটি থেকে ডা. সালেহ আহমেদ শুভ নামে নতুন কমিটির যুগ্ম সদস্য সচিব পদত্যাগ করেছেন।

মঙ্গলবার দিনগত রাতে নবগঠিত জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে একই দিনে নবগঠিত জেলা কমিটি থেকে রনি মোল্যা নামে এক সদস্য পদত্যাগ করেন।

পদত্যাগপত্রে ডা. সালেহ আহমেদ শুভ উল্লেখ করেন, বর্তমানে আমি ফরিদপুরে চিকিৎসক হিসেবে কর্মরত আছি। গত ৮ ডিসেম্বর রাতে ঘোষিত জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা কমিটিতে আমাকে যুগ্ম সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে- যা সম্পর্কে আমি পূর্বে অবগত ছিলাম না এবং এ বিষয়ে আমার সঙ্গে কোন প্রকার আলোচনা বা সম্মতি গ্রহণ করা হয়নি। আমি স্পষ্ট ভাবে উল্লেখ করতে চাই যে, আমি কখনোই জাতীয় নাগরিক পার্টি কিংবা এনসিপি সংক্রান্ত কোন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলামনা। অতএব আমাকে দেয়া উক্ত পদটি গ্রহণ করার কোন সুযোগ বা ইচ্ছা আমার নেই। এই প্রেক্ষিতে আমি জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। 

পদত্যাগের বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডা. সালেহ আহমেদ শুভ বলেন, আমি একজন চিকিৎসক। আমি কোন রাজনীতি করিনা বা কোন রাজনীতির সাথে জড়িত নই। কে বা কাহারা আমার নাম এনসিপির নবগঠিত জেলা কমিটিতে যুক্ত করেছেন তাও জানিনা। আমার মতামতও কেউ নেননি। কমিটিতে পদের বিষয়টি জানতে পেরে আমি কমিটি থেকে পদত্যাগের জন্য জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবের নিকট পদত্যাগ পত্র পাঠিয়েছি।

এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু ঠাকুরের মোবাইলে কল করেও পাওয়া যায়নি। তিনি মোবাইল নাম্বার রিসিভ করেননি। 

বিষয়টি নিয়ে ফরিদপুর জেলা এনসিপির নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এস এম জাহিদ বলেন, নবগঠিত কমিটি থেকে রনি মোল্লা নামে একজন সদস্য ও ডা. সালেহ আহমেদ শুভ নামে যুগ্ম সদস্য সচিব পদত্যাগ করেছেন বলে জানতে পেরেছি। যদিও বিষয়টি তাদের ব্যক্তিগত বিষয়। এখানে জোরাজোরির কিছু নেই।

প্রসঙ্গত, সোমবার দিনগত রাতে দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

জেএইচআর