চার্জবৃদ্ধি জটিলতায় স্থবিরতা: রপ্তানি হ্যান্ডলিং বন্ধ করছে ১৯ আইসিডি, অচলাবস্থার শঙ্কা

আশিকুর রহমান, চট্টগ্রাম প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৩:৫৩ পিএম
চার্জবৃদ্ধি জটিলতায় স্থবিরতা: রপ্তানি হ্যান্ডলিং বন্ধ করছে ১৯ আইসিডি, অচলাবস্থার শঙ্কা

দেশের রপ্তানি বাণিজ্যে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত ১৯টি বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) আগামীকাল ১১ ডিসেম্বর থেকে রপ্তানি পণ্য বোঝাই ও খালি কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। খরচ বৃদ্ধি পুষিয়ে নেওয়া না যাওয়ায় প্রতিটি ডিপো স্বতন্ত্রভাবে তাদের গ্রাহকদের এ বিষয়টি জানিয়েছে।

বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতার তুলনায় বেসরকারি আইসিডিগুলোতে ধারণক্ষমতা দ্বিগুণেরও বেশি। বন্দর ইয়ার্ডে যেখানে প্রায় ৬০ হাজার টিইইউএস কনটেইনার ধারণক্ষমতা রয়েছে, সেখানে বেসরকারি আইসিডির ক্ষমতা এক লাখ ছয় হাজার টিইইউএস। বছরে গড়ে ২২ লাখ কনটেইনার এসব আইসিডিতে হ্যান্ডলিং হয়। রপ্তানির শতভাগ পণ্য ডিপোগুলোতে কনটেইনারজাত হয়ে বন্দরে যায়, আর বিদেশ থেকে আসা খালি কনটেইনারও এসব ডিপোর মাধ্যমেই ব্যবস্থাপনা করা হয়।

গত ১ সেপ্টেম্বর বেসরকারি আইসিডি মালিকদের সংগঠন বিকডা বিভিন্ন সেবায় গড়ে ৫০ শতাংশ চার্জ বৃদ্ধির ঘোষণা দেয়। ব্যবসায়ী মহলের আপত্তি এবং মামলার কারণে চার্জ বৃদ্ধি কার্যকর করা সম্ভব হয়নি। ফলে মালিকপক্ষ আর্থিক সংকটে পড়ে হ্যান্ডলিং কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানা যায়।

একজন ডিপো কর্মকর্তা বলেন, "চার্জ সমন্বয় না হওয়ায় আমরা চরম লোকসানে আছি। এ অবস্থায় খালি কনটেইনার হ্যান্ডলিং বা রপ্তানি পণ্য কনটেইনারজাত করা কোনো কাজই চালিয়ে যাওয়া সম্ভব নয়। গ্রাহকদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে।"

বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, এটি বিকডার কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নয়; ডিপোগুলো তাদের নিজস্ব সক্ষমতা বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি শিপিং লাইনসহ সংশ্লিষ্ট পক্ষদেরও জানানো হয়েছে।

রপ্তানি সংশ্লিষ্ট পক্ষগুলো বলছে, আইসিডিগুলোর এই সিদ্ধান্ত কার্যকর হলে রপ্তানি কার্যক্রম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। রপ্তানি পণ্য কনটেইনারজাত না হলে শিপমেন্ট বন্ধ হয়ে যাবে এবং বন্দরে খালি কনটেইনার জমে কনটেইনারজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত হলেও এখনো বিকডা কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি।

ইএইচ