‘দুর্যোগ মোকাবেলায় বেতারের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মো. নুরুল আমিন (নুর), খুলনা প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৪:১৪ পিএম
‘দুর্যোগ মোকাবেলায় বেতারের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আজ সকালে বাংলাদেশ বেতার খুলনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো এক বিশেষ সেমিনার। 

"দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বেতারের ভূমিকা" শীর্ষক এই সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক বার্তা সংস্থা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এর সহযোগী অধ্যাপক ড. আনজুম তাসনুভা।

তার প্রবন্ধে তিনি দুর্যোগের আগে, চলাকালীন এবং পরবর্তী সময়ে দ্রুত, সঠিক এবং স্থানীয় ভাষায় তথ্য পৌঁছানোর ক্ষেত্রে বাংলাদেশ বেতারের সক্ষমতা ও কৌশলগত দিকগুলি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিয়ে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে বেতার একটি অপরিহার্য মাধ্যম।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বেতারের কার্যকর ভূমিকার প্রশংসা করেন এবং সরকারি দপ্তরগুলোর সাথে বেতারের আরও নিবিড় সমন্বয়ের ওপর জোর দেন।

সেমিনারে উপস্থিত বক্তারা দুর্যোগকালীন সময়ে জনমনে সাহস যোগানো, গুজব প্রতিহত করা এবং সরকারি নির্দেশনা দ্রুত প্রচারের জন্য বাংলাদেশ বেতারের কর্মীদের নিষ্ঠার প্রশংসা করেন। বক্তারা জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বেতার সর্বদাই দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

আয়োজক বাংলাদেশ বেতারের আঞ্চলিক বার্তা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই সেমিনার আয়োজনের মূল লক্ষ্য হলো দুর্যোগ ঝুঁকি মোকাবেলার কার্যকর বার্তা প্রচারের জন্য বেতার কর্মীদের আরও অনুপ্রাণিত করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করা।

খুলনা বেতারের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার খুলনার উপ-আঞ্চলিক পরিচালক মো. মামুন আকতার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার ও আঞ্চলিক পরিচালক মো. শামীম হোসেনসহ বেতারের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

ইএইচ