সুবর্ণচরে ২ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

সুবর্ণচর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৪:২৮ পিএম
সুবর্ণচরে ২ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সোমবার উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমানসহ কৃষি সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।

এই কর্মসূচির আওতায় ১ হাজার কৃষককে চিনাবাদামের বীজ ও সার এবং আরও ১ হাজার কৃষককে সয়াবিনের বীজ ও সার দেওয়া হয়। এসময় প্রতিটি কৃষক ১০ কেজি চিনাবাদামের সঙ্গে ৫ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার পান। অন্যদিকে, সয়াবিনের জন্য প্রতিটি কৃষক ৮ কেজি বীজের সঙ্গে ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার পান।

উপজেলা কৃষি বিভাগ জানায়, কৃষকদের উদ্বুদ্ধ করা ও টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করাই এই প্রণোদনার প্রধান লক্ষ্য।

ইএইচ