তিতাস-২৮ কূপের খনন শুরু, জাতীয় গ্রিডে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হওয়ার আশা

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:০৬ পিএম
তিতাস-২৮ কূপের খনন শুরু, জাতীয় গ্রিডে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হওয়ার আশা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এবং জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন কূপ ‘তিতাস-২৮’-এর খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)-এর তত্ত্বাবধানে এই কূপ খনন সফল হলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার সকাল ১১টায় তিতাস গ্যাস ফিল্ডের ‘সি’ লোকেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই খনন কাজের (স্পাড-ইন) উদ্বোধন করা হয়। বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) প্রকৌশলী মো. শোয়েব।

প্রকল্প সূত্রে জানা গেছে, বিজিএফসিএল-এর আওতায় তিতাস ও কামতা গ্যাস ফিল্ডে মোট চারটি নতুন কূপ খনন করা হবে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে তিনটি (তিতাস–২৮, ২৯ ও ৩০) এবং গাজীপুরের কামতায় একটি (কামতা–২) কূপ রয়েছে। তিতাস-২৮ কূপটি প্রায় ৩,৬০০ মিটার গভীরতায় দিকনির্দেশিত (Directional) পদ্ধতিতে খনন করা হচ্ছে, যা সম্পন্ন হতে আনুমানিক ১১০ দিন সময় লাগতে পারে। পর্যায়ক্রমে এই চারটি কূপ থেকে দৈনিক প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাসে মোট ২৭টি কূপ রয়েছে, যার মধ্যে ২২টি থেকে দৈনিক প্রায় ৩৫৪ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নতুন এই কূপগুলো উৎপাদনে এলে দেশের জ্বালানি নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজিএফসিএল জানিয়েছে, জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদার করতে বর্তমানে তাদের আওতায় ৫টি প্রকল্প চলমান রয়েছে। এছাড়া ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে নতুন কূপ খনন, ওয়ার্কওভার ও ভূকম্পন জরিপের মাধ্যমে গ্যাস উৎপাদন আরও বাড়ানোর মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন, পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (রিজার্ভয়ার ও তথ্য ব্যবস্থাপনা) মেহেরুল হাসান, সিসিডিসি বাংলাদেশ প্রকল্পের পরিচালক (অপারেশন) লি লিনঝেন, ফার ওয়েল অ্যান্ড গ্যাস লিমিটেডের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আতাউল এইচ এস হাসানসহ বিজিএফসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইএইচ