পেশীশক্তি দিয়ে নির্বাচন বিঘ্নিত করা যাবে না: বিভাগীয় কমিশনার

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৬:১১ পিএম
পেশীশক্তি দিয়ে নির্বাচন বিঘ্নিত করা যাবে না: বিভাগীয় কমিশনার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের পেশীশক্তি বা অপশক্তি যাতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে খুলনা বিভাগের ১০ জেলায় কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। 

শনিবার সকালে ঝিনাইদহ সার্কিট হাউস এলাকায় পরিবেশবান্ধব ফলদ বাগান ও সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনের শাসন ও নির্বাচন কমিশনের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে।” 

তিনি স্পষ্ট করেন যে, কোনো গোষ্ঠী বা শক্তি যদি জনমতের প্রতিফলন বাধাগ্রস্ত করতে চায়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহের সাধারণ মানুষের প্রশংসা করে তিনি আরও বলেন, এই জেলার মানুষ আবেগপ্রবণ হলেও আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২, ঝিনাইদহ-৩ ও ঝিনাইদহ-৪ আসনের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে গণতন্ত্রের ধারা বজায় রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম, ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ