ফেনীতে ইসলামী আন্দোলন প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন

ফেনী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:০৮ পিএম
ফেনীতে ইসলামী আন্দোলন প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন

ফেনীর তিনটি আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীরা।

রোববার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কাছ থেকে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদের মধ্যে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া) আসনে মাওলানা কাজী গোলাম কিবরিয়া, ফেনী-২ (সদর) আসনে আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. সাইফ উদ্দিন শিপন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় প্রার্থীরা ছাড়াও ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়াসহ সংগঠনের জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া বলেন, ফেনীর তিনটি আসনেই ইসলামী আন্দোলন নির্বাচনে ব্যাপক সাড়া ফেলবে। এ বিষয়ে আমরা আশাবাদী।

নেতৃবৃন্দ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে নিয়মিত কর্মসূচি পালন করা হচ্ছে।

তারা আরও জানান, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এবং ইসলামী মূল্যবোধ বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে দলটি দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

প্রার্থীরা জেলার সর্বস্তরের জনগণকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানানোর আহ্বান জানান এবং একটি সমৃদ্ধ, বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা করেন।

জেএইচআর