নীলফামারী পৌরসভার উদ্যোগে নবনির্মিত আধুনিক ও স্বাস্থ্যসম্মত কসাইখানার উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে জেলা শহরের কলেজপাড়া এলাকায় প্রায় ১৮ শতক জমির ওপর নির্মিত এই কসাইখানার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. তারিক রেজা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল ইসলাম এবং নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানসহ সংশ্লিষ্টরা।
পৌরসভা সূত্রে জানা যায়, আধুনিক মানসম্পন্ন এই কসাইখানার দুটি সেডে একযোগে সর্বোচ্চ ২০টি গরু ও ২০টি ছাগল জবাই করা যাবে। ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে পশু পরীক্ষা-নিরীক্ষার পর জবাই কার্যক্রম পরিচালিত হবে। পৌরসভা নির্ধারিত ইমামের মাধ্যমে ধর্মীয় বিধি মেনে পশু জবাই করা হবে।
পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে শহরবাসীর একটি স্বাস্থ্যসম্মত কসাইখানার দাবি ছিল। এতদিন বিচ্ছিন্নভাবে পশু জবাই ও মাংস বিক্রি হওয়ায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রশ্ন ছিল। এই কসাইখানা চালুর মাধ্যমে সে সমস্যার সমাধান হলো।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নির্দিষ্ট স্থানে ও নিয়ম অনুযায়ী পশু জবাই নিশ্চিত করা সম্ভব হলো। স্বাস্থ্যসম্মত পরিবেশে কসাইখানাটি পরিচালিত হবে। তিনি আরও জানান, পৌরসভা থেকে কসাইদের পরিচয়পত্র প্রদান করা হবে এবং পরিচয়পত্র ছাড়া কোনো কসাই পশু জবাই করতে পারবেন না।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক নীলফামারী বড় মাঠ পরিদর্শন করেন। এ সময় বড় মাঠে মোটরসাইকেল প্রবেশ বন্ধে ব্যারিকেড স্থাপন কাজের উদ্বোধন করা হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন