হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কোনো প্রকার অনুমতি ছাড়াই উর্বর কৃষি জমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে উপজেলার ফার্মবাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, উর্বর ধানি জমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি কেটে পাচার করা হচ্ছে। পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় দোষী সাব্যস্ত করে বাগাউড়া মৌজার জামাল শাহকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জামাল শাহ হরিণনগর গ্রামের শুক্কুর শাহ ফকিরের ছেলে।
অভিযান চলাকালীন মাটি বোঝাই দুটি ট্রাক্টর জব্দ করা হয়। জব্দকৃত মাটিগুলো নবীগঞ্জ পৌরসভার নিকট হস্তান্তর করা হয়েছে, যা পরবর্তীতে পৌরসভার উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে বলে জানানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, "কৃষি জমি রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। পরিবেশের ভারসাম্য ও কৃষকের স্বার্থ রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন