আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা মনির হোসাইন কাসেমীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আসন সমঝোতার ভিত্তিতে জমিয়তকে ছেড়ে দেওয়া চারটি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ-৪ আসনটি অন্যতম। এই আসনে জোটের একক প্রার্থী হিসেবে মনির হোসাইন কাসেমী 'খেজুর গাছ' প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সমঝোতা হওয়া আসনগুলোতে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী দেবে না। ফলে নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের পরিবর্তে জোটের সমর্থিত প্রার্থী হিসেবে কাসেমীই লড়বেন। জোটের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের এই মনোনয়ন ঘোষণা জেলা রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিয়েছে। জোটের প্রার্থীকে বিজয়ী করতে বিএনপি ও জমিয়তের নেতাকর্মীরা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন