তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০২:১০ পিএম
তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন দলীয় নেতাকর্মীরা। 

বুধবার মধ্যরাতে কুমিল্লার বাগমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়লে অন্তত ৩২ জন আহত হন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনি থেকে ছেড়ে আসা বাসটি বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (ডিভাইডার) ওপর উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহতদের মধ্যে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপি কর্মী ইউসুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী মো. শাহজাহান। 

তিনি বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এই আনন্দের দিনে এমন দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। খবর পাওয়ার পরপরই আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছি।”

ইএইচ