সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ উদ্ধার

আশিকুজ্জামান লিমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:২১ পিএম
সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ উদ্ধার

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। 

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে সেটিকে সুন্দরবনের নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে দৃষ্টিনন্দন গ্রামে একটি হরিণকে বিচরণ করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সুন্দরবনের ভেতরে বাঘের তাড়া খেয়ে আত্মরক্ষার্থে হরিণটি নদী সাঁতরে লোকালয়ে চলে আসে। গ্রামবাসী হরিণটি দেখে তাৎক্ষণিক বনবিভাগ ও স্থানীয় কমিউনিটি টহল দলের (সিপিজি) সদস্যদের খবর দেন।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হরিণটি অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে হরিণটি সুন্দরবনের কলাগাছিয়া পর্যটন কেন্দ্র সংলগ্ন গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।

সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রায়ই বাঘের আক্রমণে বা লোকালয়ে বন্যপ্রাণী চলে আসার ঘটনা ঘটে। বনবিভাগের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

ইএইচ