ধনবাড়ীতে গণভোটের সরকারি প্রচারণা শুরু, পরিদর্শন করলেন ইউএনও

সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৬:৩০ পিএম
ধনবাড়ীতে গণভোটের সরকারি প্রচারণা শুরু, পরিদর্শন করলেন ইউএনও

টাঙ্গাইলের ধনবাড়ীতে সরকারিভাবে গণভোটের সচেতনতামূলক প্রচারণা ও জনগণকে উদ্বুদ্ধ করার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়।

গণভোটের প্রচারণা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ নুরজাহান আক্তার সাথী। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, সদস্য মো. পলাশ ইসলাম, মো. জাহিদ সরকার, উপজেলার সিএ মো. আলমগীর হোসেন ও মো. সেজনুসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিজ নুরজাহান আক্তার সাথী গণমাধ্যমকে বলেন, জনগণকে গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই সরকারি নির্দেশনা মোতাবেক এই প্রচারণা চালানো হচ্ছে। উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম চলবে। তিনি এ সময় সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে এবং স্বচ্ছ ধারণা নিয়ে গণভোটে অংশ নিতে পারেন, সেজন্য নিয়মিত মাইকিং ও লিফলেট বিতরণসহ বিভিন্ন জনমুখী প্রচার অব্যাহত থাকবে।

জেএইচআর