ভোলায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ ঝরল ৪ প্রাণ

ভোলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৯:১১ পিএম
ভোলায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ ঝরল ৪ প্রাণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। 

রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার ইদারা এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই লালমোহনের মঙ্গল সিকদার এলাকার বাসিন্দা মিজান (৩৬) ও এশিয়া ইউনিভার্সিটির ভিসা সেন্টারের সিনিয়র অফিসার রিয়াজউদ্দিন নিহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে লালমোহনের ‘আমার দেশ’ পত্রিকার প্রতিনিধি খান আজিমের কন্যা অমলিন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান বলে জানা গেছে। দুর্ঘটনায় অমলিনের স্বামীসহ আরও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর ঘাতক ট্রাকটি রাস্তার পাশে ছিটকে পড়লেও চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা সড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

ইএইচ