আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বেসামরিক প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় মারিশ্যা জোনের সার্বিক ব্যবস্থাপনায় এই সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২০৩ ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি; বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান; খাগড়াছড়ি রিজিয়নের জি-২ শাখার প্রতিনিধি; আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ও সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান।
এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা নির্বাচনকালীন সময়ে পারস্পরিক সমন্বয় ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন