আড়াইহাজারে চুরি-ডাকাতিতে অতিষ্ঠ এলাকাবাসীর প্রতিবাদ মিছিল

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৫:১৩ পিএম
আড়াইহাজারে চুরি-ডাকাতিতে অতিষ্ঠ এলাকাবাসীর প্রতিবাদ মিছিল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত ডিসেম্বর মাসব্যাপী অনবরত চুরি-ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে শুক্রবার সকাল ১১টায় ব্রাহ্মন্দী এলাকার জনসাধারণ একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করেছেন।

তারা এলাকার চোর-ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এলাকাবাসীরা জানান, গত ডিসেম্বর মাসব্যাপী উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের অনেক স্থানে বিরামহীনভাবে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলো হলেন, গত ২২ ডিসেম্বর রাতে উপজেলার উচিতপুরা ইউনিয়নের স্বর্ণকার হারধনের বাড়িসহ তিন স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় চারজন গুরুতর আহত হওয়া এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটে নেওয়া; গত ২৩ ডিসেম্বর ব্রাহ্মন্দী ইউনিয়নের দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় ১৫ জনকে কুপিয়ে আহত করা এবং সর্বস্ব লুটে নেওয়া।

তাছাড়া গত এক মাসের মধ্যে ব্রাহ্মন্দী এলাকায় বিভিন্ন রাতে দানিসের বাড়িতে, ব্রাহ্মন্দী জামে মসজিদে, অনুপ মুখার্জির বাড়িতে, হোসেন মোল্লার বাড়িতে এবং মঞ্জুর হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটিয়ে চোরেরা বৈদ্যুতিক তার, মসজিদের আইপিএস, স্বর্ণালংকার, মোবাইল, নগদ টাকা, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, রড, টিভি ও পাইপ ইত্যাদি চুরি করে। সর্বশেষ ১ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে ব্রাহ্মন্দী গ্রামের ব্যবসায়ী উসমানের বাড়িতে সরবরাহকৃত ৫০০ গজ বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে চোরেরা।

এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে নিরীহ এলাকাবাসী তাদের জানমালের নিরাপত্তার জন্য শুক্রবার সকাল ১১টায় প্রতিবাদ মিছিল করেছেন। 

ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী হোসেন এবং প্রতিবাদকারীরা জানান, চোরেরা চুরি করে আবার চুরির ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা করলে সাধারণ জনগণকে আড়ালে থেকে বিভিন্ন কৌশলে হুমকি প্রদর্শন করে। এমতাবস্থায় তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

ইএইচ