দিনাজপুরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০২:৩৯ পিএম
দিনাজপুরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরেই তাপমাত্রার পারদ ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

শনিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা। বেলা বাড়লেও মেলেনি সূর্যের দেখা। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ ও প্রকৃতি। তীব্র শীত থেকে বাঁচতে গ্রামীণ জনপদে মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, বর্তমান আবহাওয়া পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৭ জানুয়ারির পর শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

শীতের প্রকোপে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে কাটছে তাদের দিন। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না, ফলে সন্ধ্যার পরেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় শ্রমজীবী মানুষের আয়-রোজগারও কমে গেছে। বিশেষ করে ছিন্নমূল ও কৃষি শ্রমিকদের কষ্ট এখন চরমে।

ভুক্তভোগীরা জানান, দিনের বেলা সূর্যের দেখা মিললে কিছুটা স্বস্তি পাওয়া যায়, কিন্তু কুয়াশার কারণে সূর্য ঢাকা থাকায় সারা দিন হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। প্রশাসন ও বিত্তবানদের কাছে দ্রুত শীতবস্ত্র সহায়তার দাবি জানিয়েছেন দুর্গত এলাকার মানুষ।

জেএইচআর