ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে নিলাম বাজার অর্থাৎ কিবরিয়া রোডের সংযোগস্থল ও বাজারে প্রবেশদ্বারে একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকার ১০টি গ্রামের সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে সোমবার সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়।
শ্রমিক নেতা রোমান মিয়া ও বদরুজ্জামান ছানুর যৌথ পরিচালনায় এবং বিশিষ্ট মুরব্বি হাজী শানুর মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান (পিয়ারা), সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, ইউপি বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দ্বারা, আব্দুল হামিদ নিকছন, দুদু মিয়া চৌধুরী, সাংবাদিক এম মুজিবুর রহমান, আব্দুল কাইয়ূম, হাফেজ ক্বারী আরজু মিয়া, আবুল খয়ের, রুহেল মিয়া, আরশ মিয়া, এনামুল মিয়া, আব্দুল বাহার, আজিজুল ইসলাম, শিল্পী খালেদ আহমদ, অজয় সূত্রধর ও কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে এলাকার সহস্রাধিক ছাত্র-জনতা অংশ নেন। এলাকাবাসীর সঙ্গে আলাপকালে জানা যায়, আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরের উত্তরে আউশকান্দি, দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়নসহ এলাকার সর্বসাধারণ ঢাকা-সিলেট মহাসড়কের ওই স্থান দিয়ে যানবাহন ও পায়ে হেঁটে যাতায়াত করেন, বিধায় এখানে একটি আন্ডারপাস নির্মাণ অত্যন্ত জরুরি।
আন্দোলনকারীরা জানান, আউশকান্দি বাজারে একাধিক স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক ও বিমা অফিস অবস্থিত। বিপুল সংখ্যক শিক্ষার্থী মহাসড়ক সংলগ্ন এই সড়ক পারাপারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। দ্রুতগতির যানবাহনের কারণে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে শিশু ও কিশোর শিক্ষার্থীদের জন্য এই সড়ক পারাপার অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। গত কয়েক বছরে এই স্থানে সংঘটিত দুর্ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। এমনকি অনেক কৃষকের গবাদিপশুও প্রাণ হারিয়েছে।
বক্তারা উল্লেখ করেন, ঢাকা-সিলেট ৪ লেন (প্রস্তাবিত ৬ লেন) মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়ক পারাপারে উক্ত অংশে দুর্ঘটনা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তার স্বার্থে উল্লেখিত স্থানে একটি আন্ডারপাস নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ছাত্র-জনতা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। অন্যথায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন