কুমিল্লার নাঙ্গলকোটে গুলিতে নিহত ২

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:০১ পিএম
কুমিল্লার নাঙ্গলকোটে গুলিতে নিহত ২

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তার ও পুরনো শত্রুতার জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন গুলিতে নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক। তারা দুজনই ঘটনাস্থলে প্রাণ হারান। আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলীয়ারা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ‘আবুল খায়ের মেম্বার গ্রুপ’ এবং ‘সালেহ আহম্মদ মেম্বার গ্রুপে’র মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। গত বছরের ৩ আগস্ট এই দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই হত্যাকাণ্ডের জেরে গ্রামে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে একটি পক্ষের অনেক পরিবার দীর্ঘ সময় গ্রামছাড়া ছিল।

সম্প্রতি সেনাবাহিনীর বিশেষ হস্তক্ষেপে গ্রামছাড়া পরিবারগুলো নিজ বাড়িতে ফিরে এলে এলাকায় আবারও উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে এই জোড়া হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘাতকদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

জেএইচআর