কোনাবাড়ীতে বাসাবাড়ি ও পিকআপে সিলিন্ডার বিস্ফোরণে আগুন

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ী প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:২৮ পিএম
কোনাবাড়ীতে বাসাবাড়ি ও পিকআপে সিলিন্ডার বিস্ফোরণে আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার ১৬ জানুয়ারি আনুমানিক পৌনে ৩টার দিকে কোনাবাড়ী থানাধীন নীলনগর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, কাশিমপুরের এনায়েতপুর স্কুল মার্কেট এলাকা থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় পিকআপ ভ্যানটি। কোনাবাড়ী নিটল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সামনে আসলে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পিকআপের সামনের অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। অপরদিকে একই দিন বিকেলে কোনাবাড়ী থানাধীন পারিজাত মেডিটেক্স কারখানার সামনে বাচ্চু মিয়ার সেমিপাকা টিনশেড বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ওই বাড়ির ৫টি রুম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, পারিজাত এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ইএইচ