কুড়িগ্রামের নদী তীরবর্তী নারীদের সরাসরি সম্পৃক্ততায় ধরলা নদীর বর্তমান অবস্থা মূল্যায়ন বিষয়ক একটি গবেষণা জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে এই জরিপ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, নদীমাতৃক এই অঞ্চলে নদীর স্বাস্থ্য ও নদীপাড়ের মানুষের জীবন একে অপরের পরিপূরক। নারীদের অংশগ্রহণমূলক এই গবেষণা ধরলা নদী রক্ষায় নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গবেষণার সারসংক্ষেপ অনুষ্ঠানে জানানো হয়, ধরলা নদী হিমালয়ে উৎপন্ন হয়ে লালমনিরহাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে মিশেছে। এই আন্তঃসীমান্ত নদীর বর্তমান পরিস্থিতি বুঝতে ধরলা পাড়ের ১০ জন নারীকে সম্পৃক্ত করে দেড় মাসব্যাপী জরিপ চালানো হয়। গবেষণার প্রধান গবেষক নুসরাত খান জানান, নদীর তীরবর্তী ৩০৫ জন গ্রামীণ নারীর কাছ থেকে ১০টি বিশেষ বিষয়ের ওপর সাক্ষাৎকার ও তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
উপস্থিত ব্যক্তিবর্গ অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিভাররাইন পিপল-এর পরিচালক প্রফেসর ড. তুহিন ওয়াদুদ, রিভাররাইন পিপল ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং ডব্লিউভিইউএফডির প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন প্রধান সানজিদা রহমান। এছাড়া শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ ওমেন লিডার নুসরাত জাহান মৈত্রীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজক ও সহযোগিতায় ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ আয়োজিত এই গবেষণা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (আফাদ)।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন