মির্জা ফখরুল

স্বাধীনতাবিরোধীরা ‘দাঁড়িপাল্লা’ নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে

ঠাঁকুরগাও প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০২:৩৫ পিএম
স্বাধীনতাবিরোধীরা ‘দাঁড়িপাল্লা’ নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের ১৯৭১ সালের কথা মনে আছে, যুদ্ধের কথা মনে আছে। আমরা সে সময় পাকিস্তানিদের সঙ্গে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, অস্ত্র ধরেছিলাম। কেউ বাহির থেকে এসে যুদ্ধ করে দিয়ে যায়নি। আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি। কিন্তু ওই সময় যারা বাংলাদেশের স্বাধীনতাবিরোধী, তারা আজ দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে। আপনারাই বলেন, তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল।

শনিবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের পরিকল্পনার ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র। এই কার্ড দিয়ে মা-বোনদের সংসারে অনেক কাজে আসবে।

মির্জা ফখরুল বলেন, এমন করে কৃষকদের জন্য কৃষি কার্ড করা হবে, যেটা দিয়ে কৃষকরা উপকৃত হবেন। স্বাস্থ্য কার্ড দিয়ে আমরা সহজে স্বাস্থ্যসেবা পাবো।

মির্জা ফখরুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এ নির্বাচনে আপনাদের কাছে ভোট চাই। আপনারা যখন আমাকে সমর্থন করেন, তখন আমি সংসদে গিয়ে কাজ করার চেষ্টা করি।

পথসভায় বিএনপি মহাসচিব এই আসনে বিগত দিনে এমপি নির্বাচিত হয়ে যে সব উন্নয়নমূলক কাজ করেছেন, সেসব তুলে ধরেন। এসময় মঞ্চে এসে কয়েকজন ভোটারও তার বিগত দিনের উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করেন।

এএন