নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাট-১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) আসনের হাতীবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় দলের ১৫ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর কাসাইটারি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
ঘটনার সূত্রপাত হিসেবে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি দোষারোপ করছেন।
এদিকে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছেন র্যাব ও বিজিবি সদস্যরা।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন