৮ দিন জলদস্যুদের হাতে আটক থাকার পর সুন্দরবন থেকে ফিরলেন ৩ জেলে

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা) প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:৩৪ পিএম
৮ দিন জলদস্যুদের হাতে আটক থাকার পর সুন্দরবন থেকে ফিরলেন ৩ জেলে

পাথরঘাটা থেকে ৬০ কিলোমিটার পশ্চিমে সুন্দরবনের শেলা এলাকা থেকে অপহৃত ৩ জেলেকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

অপহরণের ৮ দিন পর জলদস্যু বাহিনী রোববার দুপুরের দিকে বলেশ্বর নদী সংলগ্ন পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস বাজারে তাদের নামিয়ে দেয়।

ফিরে আসা জেলেরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার তালবুনিয়া গ্রামের মোসলেম আলী মোল্লার ছেলে মো. কচি মোল্লা (৪৫), সেরেপতলা গ্রামের আজিত মৃধার ছেলে খিরোদ মৃধা (২৮) ও গাববুনিয়া গ্রামের কাওছার শেখের ছেলে আ. সালাম শেখ।

ফিরে আসা জেলেরা জানান, প্রতি বছরের মতো এবারও শুঁটকি মৌসুমে সুন্দরবনের শেলা এলাকায় নুরুল ইসলামের অধীনে ৫ মাসের জন্য কাজে যান তারা। গত ১৭ জানুয়ারি ওই শুঁটকি পল্লী থেকে জলদস্যুরা তাদের অপহরণ করে। দীর্ঘ ৮ দিন আটকে রাখার পর মালিক নুরুল ইসলামের সঙ্গে দস্যুদের সমঝোতা হলে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে কত টাকার বিনিময়ে ছাড়া হয়েছে, তা জেলেরা জানাতে পারেননি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলেরা প্রথমে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করতে আসলে তাকে পায়নি। পরে আমরা তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি।

ইএইচ