হবিগঞ্জের বানিয়াচংয়ে এক যুদ্ধাপরাধী রাজাকারের বাড়িসহ তিনটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
রাতভর এই অভিযানে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ছেলেসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সূত্র জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে বানিয়াচং উপজেলা সদরের ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের মিয়াখানী মহল্লার বাসিন্দা তালিকাভুক্ত রাজাকার ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসমত আলী খান বুছা মিয়ার বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। সেখান থেকে একটি লাইসেন্সকৃত দোনলা বন্দুক, একটি এয়ারগান ও বিপুল পরিমাণ কার্তুজ ও গুলিসহ তার ছেলে রেছালত আলী ছাতু খানকে (৬৮) আটক করা হয়।
সেনাবাহিনীর রাতভর চলা এই অভিযানে ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের প্রর্থমরেখ মহল্লার আব্দুল হামিদ মিয়ার বাড়িতেও অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ তার ছেলে রাজু মিয়াকে (২০) আটক করা হয়।
এ ছাড়া শেষ রাতে ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়নের তাম্বলীটুলা মহল্লার বাসিন্দা আঙ্গুর মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি এয়ারগান ও গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেখান থেকে তার ছেলে রকি মিয়াকে (২৫) আটক করা হয়েছে।
আটককৃত তিনজনকে উদ্ধারকৃত অস্ত্রসহ রাতেই থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন