লক্ষ্মীপুর শহরের এলজিইডি কার্যালয় এলাকায় ড্রাম ট্রাকের চাপায় আফরিন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক রাজু গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরিচয় ও ঘটনার বিবরণ নিহত আফরিন লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার মো. আক্তার পাটোয়ারীর মেয়ে। সে শহরের কাকলী শিশু অঙ্গন স্কুলের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নোয়াখালীর দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক মহাসড়কের এলজিইডি অফিসের সামনে একটি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা শিশু আফরিন ও চালক রাজু গুরুতর আহত হন।
চিকিৎসা ও বর্তমান অবস্থা স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক রাজুর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশের পদক্ষেপ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ঘটনার পরপরই পালিয়ে যেতে সক্ষম হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন