মোহনগঞ্জে নদীর পাড় কেটে মাটি বিক্রি, আটক ৩ জনের কারাদণ্ড

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৫:৫০ পিএম
মোহনগঞ্জে নদীর পাড় কেটে মাটি বিক্রি, আটক ৩ জনের কারাদণ্ড

নেত্রকোণার মোহনগঞ্জে রাতের আঁধারে নদীর পাড় কেটে মাটি বিক্রির দায়ে তিন ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভ্যাকু মেশিন জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাতে উপজেলার রামজীবনপুর এলাকার সাতমাধলাই নদীর পাড়ে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

দণ্ডপ্রাপ্তদের পরিচয় কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইসমাইল হোসাইন (১৯), টাঙ্গাইল সদর উপজেলার মো. রাজু প্রামানিক (১৮) এবং কিশোরগঞ্জ সদরের দ্বীন ইসলাম (৩০)। তাঁরা মূলত ওই মাটি কাটা মেশিনের চালক ও সহকারী।

অভিযান ও নেপথ্য ঘটনা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামজীবনপুর এলাকায় সাতমাধলাই নদীর পাড়ের মাটি ভ্যাকু দিয়ে কেটে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে হাতেনাতে তিনজনকে আটক করা হলেও পরিস্থিতির টের পেয়ে স্থানীয় চক্রের মূল হোতারা গা-ঢাকা দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ব্যবহৃত ভ্যাকুটি জব্দ করা হয়।

স্থানীয়দের দাবি ও প্রশাসনের হুঁশিয়ারি স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী ‘মাটিখেকো’ চক্র ভাড়াটিয়া চালক দিয়ে রাতের আঁধারে নদীর পাড় ধ্বংস করছে। তাঁরা কেবল চালক নয়, বরং এই অবৈধ ব্যবসার মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, অবৈধভাবে খাস জমি, কৃষি জমি বা নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অপতৎপরতা বন্ধে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেএইচআর