ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থীদের প্রতিশ্রুতি ও উন্নয়ন ভাবনা সভায় অংশগ্রহণকারী প্রার্থীরা ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকার উন্নয়নে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তাঁরা মেডিকেল কলেজ ও মা ও শিশু হাসপাতাল স্থাপন, আধুনিক শিক্ষাব্যবস্থা, নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিএনডির দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, বেকারত্ব নিরসন, কৃষি উন্নয়ন এবং যাতায়াত ব্যবস্থায় মেট্রোরেল যুক্ত করার বিষয়ে প্রার্থীরা তাঁদের মতামত ব্যক্ত করেন। বিশেষ করে ফতুল্লাবাসীর উন্নয়নের স্বার্থে এলাকাটিকে সিটি কর্পোরেশনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন অনেক প্রার্থী।
প্রশাসনের দিকনির্দেশনা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচনী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রায়হান কবির। তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, বিজিবি কর্মকর্তা কর্নেল মির্জা আরাফাত, র্যাব-১১-এর অধিনায়ক সাজ্জাদ এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আরমিনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরণের বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন