ঈশ্বরগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণে বোমা হামলার হুমকি, অজ্ঞাত চিরকুট উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি  প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৪৩ পিএম
ঈশ্বরগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণে বোমা হামলার হুমকি, অজ্ঞাত চিরকুট উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণে বোমা হামলার হুমকি দিয়ে লেখা একটি অজ্ঞাত চিরকুট পাওয়া গেছে। 

মঙ্গলবার সকালে এই ঘটনা জানাজানি হলে আদালত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।

চিরকুটে যা লেখা ছিল মঙ্গলবার সকালে আদালতে আগত বিচারপ্রার্থী ও সাধারণ লোকজন আদালত ভবনের দেয়ালে একটি হাতে লেখা চিরকুট দেখতে পান। তাতে লেখা ছিল- আদালত এখন বন্ধ হবে, আবার জানুয়ারিতে খোলা হবে। আর যদি খোলা হয়, বোম মারা হবে। বিষয়টি তাৎক্ষণিকভাবে আদালত কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।

সিসিটিভি ক্যামেরা না থাকায় উদ্বেগ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস। এ সময় তাঁর সাথে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) জানান, আমি ঘটনাস্থল ও নতুন ভবনটি পরিদর্শন করেছি। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

পুলিশের বক্তব্য ও নিরাপত্তা এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, নতুন ভবনের দেয়ালে হুমকিমূলক চিরকুট সাঁটানোর বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। যেহেতু কোনো ডিজিটাল ফুটেজ বা সিসিটিভি নেই, তাই প্রচলিত গোয়েন্দা তথ্য ও অন্যান্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে, আদালতের মতো স্পর্শকাতর স্থানে এ ধরনের হুমকিতে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জেএইচআর