আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে ২৯ জানুয়ারি হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মোতায়েন করা হয়েছে।
জেলার নয়টি উপজেলায় ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা এবং নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবির ১৭ প্লাটুন সদস্য একযোগে মাঠে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও ভোটকেন্দ্র সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে একাধিক অস্থায়ী চেকপোস্ট, যেখানে চলছে নিয়মিত তল্লাশি কার্যক্রম।
একই সাথে সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত বা অবৈধ কার্যক্রম আসন্ন নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করতে না পারে।
বিজিবি সূত্র জানায়, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ৬৪৭টি ভোটকেন্দ্রে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। ইতোমধ্যে বিজিবি প্লাটুনসমূহ প্রতিটি উপজেলায় পৃথক পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করে অবস্থান গ্রহণ করেছে।
মোতায়েন করা বিজিবি জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একযোগে সমন্বয় করে কাজ করছে, যাতে নির্বাচনী এলাকাগুলোতে শান্তিশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচনকালীন পুরো সময়জুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।’
হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় মোতায়েন করা বিজিবির দৃশ্যমান কার্যক্রম ও উপস্থিতি দেখে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।
তারা জানিয়েছেন, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার ফলে ভীতিহীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার আস্থা ফিরে পেয়েছেন। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবি পুরোপুরি প্রস্তুত রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন