বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে উপজেলা নির্বাহী অফিস সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসা থেকে তাদের আটক করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ওই দম্পতি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। হঠাৎ করে ওই এলাকায় ইয়াবা বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক (জি), বিএন এর নেতৃত্বে নৌবাহিনীর একটি দল এবং পাথরঘাটা থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে হাতেনাতে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বাসায় তল্লাশি চালিয়ে আরও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি, দুটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার আসমা আক্তার সাথী এবং তার স্বামী নুরুজ্জামান শেখ। নুরুজ্জামান শেখ পাথরঘাটা সদর ইউনিয়নের ছোট টেংরা গ্রামের বাবুল শেখের ছেলে।
পরবর্তীতে আটককৃত স্বামী-স্ত্রীকে পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে নৌবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন