ময়মনসিংহে মুক্তি পাওয়া ৩ খুনের আসামি টাঙ্গাইলে গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৫:৫৮ পিএম
ময়মনসিংহে মুক্তি পাওয়া ৩ খুনের আসামি টাঙ্গাইলে গ্রেপ্তার

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই প্রশাসনিক ভুলে মুক্তি পাওয়া একটি হত্যা মামলার তিন আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার দুপুরে ময়মনসিংহের র‍্যাব-১৪ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বাহিনীর অধিনায়ক নঈমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- তারাকান্দা উপজেলার মধ্যতারাটি পশ্চিমপাড়া গ্রামের হযরত আলীর ছেলে আনিছ মিয়া (৩২), রাশেদুল ইসলাম (২৫) ও জাকিরুল ইসলাম (২৮)।

যেভাবে মুক্তি ও পুনরায় গ্রেপ্তার: র‍্যাব জানায়, গত ২৭ জানুয়ারি (মঙ্গলবার) কারা কর্তৃপক্ষের প্রশাসনিক ত্রুটির কারণে আদালতের জামিন আদেশ ছাড়াই ওই তিন আসামি কারাগার থেকে মুক্তি পেয়ে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে র‍্যাবের গোয়েন্দা দল আসামিদের অবস্থান শনাক্তে কাজ শুরু করে। অবশেষে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের ঘাটাইল থেকে তাদের পুনরায় গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি তারাকান্দা থানার একটি হত্যা মামলায় র‍্যাবই তাদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছিল।

শাস্তিমূলক ব্যবস্থা ও তদন্ত: কারাগার থেকে আসামিদের এমন ‘রহস্যজনক’ মুক্তির ঘটনায় ইতিমধ্যে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় পুনরায় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেএইচআর