নির্বাচনে জনমনে আস্থা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিজিবি: কর্নেল শফিকুর রহমান

শরিফুল ইসলাম, রংপুর প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:৪০ পিএম
নির্বাচনে জনমনে আস্থা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিজিবি: কর্নেল শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সারা দেশের ন্যায় রংপুর সেক্টরের আওতাধীন এলাকায় সর্বোচ্চ সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান।

শনিবার দুপুর ১২টার দিকে রংপুর নগরীর পার্কের মোড়ে স্থাপিত বিজিবি নিরাপত্তা চৌকি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

কর্নেল শফিকুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর সেক্টরে প্রায় তিন হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, রংপুর বিভাগের ৬২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ অস্ত্র ও সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

নির্বাচনকালীন জনমনে আস্থা সৃষ্টি এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান সেক্টর কমান্ডার। পরিদর্শন শেষে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিজিবি রংপুর সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

ইএইচ