মেহেরপুরের গাংনীতে ইট বোঝাই ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের ধাক্কায় কালু মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কের বাঁশবাড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু মন্ডল গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যনন্দনপুর গ্রামের হর্শ্ব মন্ডলের ছেলে।
নিহতের চাচাতো ভাই খোকন মন্ডল জানান, কালু মন্ডল তার মেয়ের কাছে পার্সেল পাঠানোর উদ্দেশ্যে গাংনী বাজারের কুরিয়ার সার্ভিসে গিয়েছিলেন। পরে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া বাজারে ওষুধ কেনার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ইট বোঝাই পাওয়ার টিলারটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত পাওয়ার টিলারটিতে কোনো লাইট ছিল না এবং অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় জনতা গাড়িটি আটক করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যাস্থা গ্রহন করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন