নির্বাচনে জামায়াতের নারী প্রার্থী নেই কেন, ব্যাখ্যা নিল ইইউ

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:৪৪ পিএম
নির্বাচনে জামায়াতের নারী প্রার্থী নেই কেন, ব্যাখ্যা নিল ইইউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন কোনো নারী প্রার্থী দেয়নি এবং নির্বাচনে নারীরা কীভাবে প্রতিনিধিত্ব করছেন, সে বিষয়ে ব্যাখ্যা নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের সদস্যরা। 

রোববার সকালে চাঁদপুর জেলা জামায়াত কার্যালয়ে এক বৈঠকে নারী নেত্রীদের সাথে কথা বলে এ মতামত নেন তারা।

সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক লার্স প্লাজম্যান ও মাজা হুরালিমান মহিলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে খোলামেলা আলোচনা করেন।

বৈঠকে মহিলা জামায়াতের কুমিল্লা অঞ্চলের সহকারী সেক্রেটারি ফেরদৌসী সুলতানা, চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি ফারজানা আক্তার ও আয়েশা সিদ্দিকা, পৌর সেক্রেটারি মানসুরা আক্তার এবং পেশাজীবী নারী বিভাগের নেতা নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ফারজানা আক্তার সাংবাদিকদের বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল জানতে চেয়েছে নির্বাচনে আমরা নারীদের পক্ষে প্রতিনিধিত্ব করছি কিনা। এ ছাড়া এবারের নির্বাচনে জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকার কারণ ও এক্ষেত্রে আমাদের সমস্যাগুলো কোথায়, তাও তারা জানতে চেয়েছেন।’

নারীদের প্রার্থী না হওয়ার বিষয়ে জামায়াত নেত্রীরা পর্যবেক্ষকদের জানিয়েছেন, বিগত সরকারের সময়ে পরিচয় দিয়ে সমাজে কাজ করার মতো পরিবেশ ছিল না। ৫ আগস্টের পর অল্প সময়ের মধ্যে নারীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সুযোগ পাননি। তবে আগামীতে সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ থাকবে বলে তারা ইইউ প্রতিনিধিদের আশ্বস্ত করেন।

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক সদস্যরা জানান, তারা জামায়াতের নারী বিভাগ, শিক্ষার্থী ও জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের সাথে পৃথকভাবে কথা বলছেন। নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবেই এ বৈঠক করা হয়েছে।

ইএইচ