নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবিতে রংপুরে সরকারি চাকরিজীবীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন তারা। এরপর একটি মিছিল জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রেসক্লাব পর্যন্ত অনুষ্ঠিত হয়।
সমাবেশে রংপুর বিভাগীয় জেলা সমন্বয়ক মাসুদ পারভেজ বলেন, “গত সাত বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলনের পরও সরকার আমাদের দাবি পূরণ করছে না। ৫ ডিসেম্বরের মহাসমাবেশের পর আশা করা হয়েছিল ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ হবে, কিন্তু তা হয়নি। আমরা ৬ ফেব্রুয়ারি শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে ‘ভূখা মিছিল’ আয়োজনের ঘোষণা দিচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।”
চাকরিজীবীরা অভিযোগ করেন, অর্থ উপদেষ্টা জ্বালানি নিয়ে মন্তব্য করেছেন যে বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল। এতে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।
তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—২০১৫ সালের পে-স্কেলের হরণকৃত তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা রক্ষা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন এবং গ্রাচুইটির হার ৯০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ নির্ধারণ।
সরকারের দাবি পূরণ না হলে ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় শহীদ মিনার থেকে ‘যমুনা’ অভিমুখে ‘ভূখা মিছিল’ করার আল্টিমেটাম দেন তারা।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন