মাদারীপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জামসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাদারীপুর স্টেডিয়াম আর্মি ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই শ্বাসরুদ্ধকর অভিযানে নেতৃত্ব দেন মেজর মেরাজ আল মামুন, ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম সারজিল।
সেনাবাহিনী জানান, আটককৃতরা মাদারীপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একটি আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। অভিযান শেষে রাতেই এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদের মো. দীপু বেপারী পিতা. মো. তাজুল বেপারী, পূর্ব রাস্তির মো. সাগর খান পিতা. জাকির খান, লক্ষ্মীগঞ্জের মো. ফোরকান সরদার পিতা. আইয়ুব আলী সরদার এবং হাজরাপুর গ্রামের মো. রানা খান পিতা. মো. টুকু খান।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া অপরাধকাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ৩টি অটোমেটিক চাকু, ২টি চাপাতি, ১টি কুড়াল ও ১টি হাত দা।
ইলেকট্রনিক ডিভাইস ১টি মেটাল ডিটেক্টর, ২টি বাইনোকুলার, ১টি ক্যানন ক্যামেরা, ১টি সিসি ক্যামেরা, ৪টি ট্যাব, ১১টি বাটন ফোন, ২১টি ঘড়ি ও ১৪টি ইয়ারফোন। ২৫টি টর্চ লাইট, ৫টি ড্রিল মেশিন, ২টি হাতুড়ি ও ৪টি সাউন্ড বক্স।
সেনা কর্মকর্তারা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন