আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
কলস মার্কার এ প্রার্থী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমি কোনো গোষ্ঠীর প্রার্থী নই, আমি সাধারণ মানুষের প্রার্থী। অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে যেমন লড়েছি, সংসদেও তেমনি মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকব।’
ভোটারদের উদ্দেশে তাইফুল ইসলাম টিপু বলেন, তারেক রহমানের লোকেরা ভোটে ভয় পাচ্ছে। তাই তারা ভাড়া করা লোক দিয়ে বাগাতিপাড়ায় জনসভা করছে। চাঁদাবাজ, দখলকারী ও সন্ত্রাসীদের কেউ ভয় পাবেন না। ১২ তারিখে কলস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন তিনি।
বিএনপির সঙ্গে নিজের অতীত সম্পর্কের কথা তুলে ধরে টিপু বলেন, বিএনপির জন্য তিনি জেল খেটেছেন, প্রিয়জনদের হারিয়েছেন। আজ পর্যন্ত দল তাকে বলেনি যে স্বতন্ত্রভাবে নির্বাচন করা যাবে না।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের কাছে নিরপেক্ষতা আশা করা হচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটের ফলাফল নিশ্চিত করতে হবে। শান্তির জন্য সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট না দিলে জেলে থাকতে হবে এ ধরনের ভয় দেখানো রাজনীতি আর চলবে না।
বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিন, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল এবং বিশিষ্ট রাজনীতিবিদ বাবু রঞ্জিত কুমার সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগাতিপাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শামীম সরকার।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন