ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় এ শহরের মানুষের সঙ্গে নিবিড় যোগসূত্র তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
তিনি বলেন, ‘এ মাটির প্রতিটি ধূলিকণা আর মানুষের ভালোবাসার সঙ্গেই আমার বেড়ে ওঠা। তাই এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করা কেবল আমার রাজনৈতিক দায়িত্ব নয়, বরং এটি আমার অন্তরের তাগিদ।’
রোববার দুপুরে খালিশপুর থানার ১২ নম্বর ওয়ার্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এবং বেকারত্ব দূরীকরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে অতীতের স্মৃতিচারণা করে বকুল বলেন, জীবনের সোনালি সময়গুলো তিনি এ এলাকার মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ব্যয় করেছেন। রাজনীতির পথে নানা চড়াই-উতরাই থাকলেও খুলনার মানুষের প্রতি তার মমত্ববোধ কখনো কমেনি। নির্বাচন কেবল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া মাত্র, যেখানে হার-জিত থাকবে। তবে ভোটের ফলাফল যা-ই হোক না কেন, মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা বিন্দুমাত্র কমবে না। অতীতে যেভাবে সাধারণ মানুষের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিয়েছেন, আগামী দিনেও সেভাবেই পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
রকিবুল ইসলাম বকুল আরও বলেন, ‘বড় কোনো রাজনৈতিক নেতা বা পদাধিকারী হিসেবে নয়, বরং এ এলাকার মানুষের কাছে আমি চিরকাল তাদেরই ঘরের সন্তান “বকুল” হয়ে বেঁচে থাকতে চাই। আমার কাছে ক্ষমতার চেয়েও মানুষের হৃদয়ে স্থান পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। পদ-পদবি চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের ভালোবাসা ও দোয়া আমৃত্যু সঙ্গী হয়।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম এবং খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলে হালিম লিটন।
১২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। একই দিন বিকেলে বকুল দৌলতপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের কার্তিক কুল, ঘোষপাড়া, নয়াপাড়া ও সাহাপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন