বাগেরহাট শহরে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারকৃত ছয়টি শক্তিশালী হাতবোমা (ককটেল) নিষ্ক্রিয় করা হয়েছে।
বুধবার বেলা ১২টায় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের নিকটবর্তী একটি বালুর মাঠে এসব বোমা নিরাপদভাবে ধ্বংস করে।
এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শহরের কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে এই হাতবোমাগুলো উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এই ঝটিকা অভিযান পরিচালনা করে।
র্যাবের বোম্ব ডিসপোজাল টিমের সদস্য ওয়ারেন্ট অফিসার শামসউদ্দিন জানান, উদ্ধারকৃত ককটেলগুলো অত্যন্ত শক্তিশালী ছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এগুলো মজুত করে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষে র্যাবের মোট ৬টি বিশেষ বোম্ব ডিসপোজাল টিম বর্তমানে সারা দেশে সক্রিয়ভাবে কাজ করছে। যেখানেই এ ধরনের কোনো বস্তু পাওয়া যাচ্ছে, সেখানেই দ্রুত পৌঁছে তা নিষ্ক্রিয় করা হচ্ছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমাগুলো সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো বর্তমানে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে। নির্বাচনের আগমুহূর্তে এ ধরনের অপতৎপরতা রুখতে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন