আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুর জেলার ২২৩টি ভোটকেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, জেলার ১০৩টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ এবং ২৭টি কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবেন ২ হাজার ৭৬৯ জন আনসার সদস্য এবং ৭০০ পুলিশ সদস্য। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের একাধিক টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। টহলের জন্য ২৫টি মোবাইল টিম ও ৯টি স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক সক্রিয় থাকবে।
প্রযুক্তির ব্যবহারে এবার মেহেরপুরে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সুপার জানান, গুরুত্বপূর্ণ ১০৩টি কেন্দ্রের পুলিশ সদস্যরা ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহার করবেন। আর ২৭টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের ক্যামেরা থেকে সরাসরি ‘লাইভ’ মনিটরিং করা হবে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবির জানান, নির্বাচনী মাঠে ১৮ জন নির্বাহী কর্মকর্তার পাশাপাশি ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। ইতিমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ৬ হাজার ৬৬২টি ভোট জমা পড়েছে, যা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে।
সীমান্তবর্তী কেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে লেফটেন্যান্ট কর্নেল সৌরভ জানান, মেহেরপুরের অনেকগুলো কেন্দ্র সীমান্ত এলাকায় হওয়ায় সেখানে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। কোনো জটিল পরিস্থিতির সৃষ্টি হলে সেনাবাহিনী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিকেল নাগাদ সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছানো শেষ হবে বলে আশা করছে প্রশাসন। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটি স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন