জীবনের প্রথম ভোট দিলেন সাবেক দেশসেরা ওপেনার তামিম ইকবাল

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:২৯ পিএম
জীবনের প্রথম ভোট দিলেন সাবেক দেশসেরা ওপেনার তামিম ইকবাল

ক্রিকেট মাঠে হাজারো চাপের মুখে ব্যাট হাতে দলকে জয় উপহার দিয়েছেন বহুবার। কিন্তু আজ যেন তাঁর চোখে-মুখে ছিল এক অন্যরকম রোমাঞ্চ। তিনি দেশসেরা ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন এই ক্রিকেট তারকা। তবে এই ভোটের বিশেষত্ব ছিল অন্য জায়গায় এটি ছিল তাঁর জীবনের প্রথম ভোট।

বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রামের আকাশ ছিল পরিষ্কার। বেলা ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার অন্তর্গত আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (২১ নম্বর ওয়ার্ড) প্রাঙ্গণে হাজির হন তামিম ইকবাল। কোনো প্রটোকল বা বাড়তি আড়ম্বর ছাড়াই সাধারণ ভোটারের মতো কেন্দ্রে প্রবেশ করেন তিনি।

ভোট দেওয়া শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের মুখোমুখি হন এই বাঁহাতি ব্যাটার। জীবনের প্রথম ভোট দেওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তামিম বলেন, ক্রিকেট মাঠে অনেক বড় বড় মুহূর্তের সাক্ষী হয়েছি, কিন্তু আজকের অনুভূতিটা একদম আলাদা। জীবনের প্রথম ভোট দিচ্ছি, সত্যি বলতে আমি খুবই এক্সাইটেড (উচ্ছ্বসিত)। নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে ভালো লাগছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, শুধু তিনি একা নন, তাঁর পরিবারের সকল সদস্যই সকাল সকাল নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে গেছেন।

তামিম ইকবাল যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেটি গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। নগরের কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে গঠিত এই আসনে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

এই আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াইয়ের কেন্দ্রে রয়েছেন দুই হেভিওয়েট প্রার্থীরা হলেন মোহাম্মদ আবু সুফিয়ান (বিএনপি) ও এ কে এম ফজলুল হক (১১-দলীয় নির্বাচনী ঐক্য)। 

এছাড়াও ভোটের মাঠে সক্রিয় রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস শুক্কুর, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ এবং নাগরিক ঐক্যের মো. নুরুল আবছার মজুমদারসহ আরও বেশ কয়েকজন প্রার্থী।

চট্টগ্রাম জেলায় এবার ২৪টি রাজনৈতিক দল তাদের প্রার্থী দিয়েছে। এর মধ্যে ১৬টি আসনেই প্রার্থী দিয়েছে বিএনপি এবং ১১-দলীয় নির্বাচনী ঐক্য। পাশাপাশি ১০ জন স্বতন্ত্র প্রার্থীও লড়াইয়ে রয়েছেন।

ক্রিকেটের মহাতারকা হয়েও লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার এই চিত্র চট্টগ্রামের সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের যারা প্রথমবারের মতো ভোটার হয়েছেন, তাদের জন্য তামিম ইকবালের এই অংশগ্রহণ একটি বড় বার্তা হিসেবে দেখা দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের ভোট দেওয়ার ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যেখানে ভক্তরা তাঁর নাগরিক সচেতনতার প্রশংসা করছেন।

কোতোয়ালি এলাকার এই কেন্দ্রটিতে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলতে দেখা গেছে। তামিম ইকবালের মতো হাই-প্রোফাইল ব্যক্তি কেন্দ্রে আসায় বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছিল। ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে তামিম ইকবালের এই অংশগ্রহণ প্রমাণ করে যে, মাঠের খেলা বা বিনোদন জগতের তারকা হলেও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকের অংশগ্রহণ অপরিহার্য। চট্টগ্রামের ১৬টি আসনেই এখন ফলের অপেক্ষা, তবে তামিমের মতো তারকাদের কেন্দ্রে আসা নির্বাচনের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে।

এএন