ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে: ড. আব্দুল মঈন খান

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:১৩ পিএম
ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে: ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, ভোটের মাধ্যমে দেশে নতুন করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান তাঁর বক্তব্যে বিগত নির্বাচনের সমালোচনা করে বলেন, গত ৪টি প্রহসন ও সাজানো নির্বাচনের পর দেশের মানুষ আজ যে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারছে, তা সম্ভব হয়েছে চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার পতনের মাধ্যমে। এই পরিবর্তনের ফলেই আজ ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে আসতে পারছেন।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের এই ভোটের পর এ দেশে জনগণের ইচ্ছায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। যারা প্রকৃত অর্থেই জনগণের কল্যাণে কাজ করে যাবে। ভোটদান শেষে তিনি কেন্দ্রের নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সাধারণ ভোটারদের সাথে কথা বলেন।

জেএইচআর