টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নাগরপুর উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সের ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্ধারিত সময় শেষে সব কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। এরপর ভোটকেন্দ্রে থাকা ব্যালট বাক্সগুলো সিলগালা করে কঠোর নিরাপত্তায় গণনার জন্য পাঠানো হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে নাগরপুর উপজেলায় মোট ৯৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল প্রশাসন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৪৩ জন।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এছাড়া সবগুলো ভোটকেন্দ্র সার্বক্ষণিকভাবে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছে। কড়া নিরাপত্তার কারণে কোথাও কোনো ভীতি বা বিশৃঙ্খলা দেখা যায়নি বলে স্থানীয় ভোটাররা জানিয়েছেন।
ভোট দিতে আসা এক নারী ভোটার জানান যে শান্তিপূর্ণ পরিবেশে নিজের অধিকার প্রয়োগ করতে পেরে তিনি খুব খুশি। অন্য এক ভোটার বলেন, কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ছিল এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার গণনার কাজ চলছে। গণনা শেষ হওয়ার পর নির্বাচন কার্যালয় থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন