খাগড়াছড়িতে লক্ষাধিক ভোটের ব্যবধানে ওয়াদুদ ভূঁইয়ার জয়

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৫:১৯ পিএম
খাগড়াছড়িতে লক্ষাধিক ভোটের ব্যবধানে ওয়াদুদ ভূঁইয়ার জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির একমাত্র সংসদীয় আসন ২৯৮ নম্বর আসনে বিশাল জয় পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। নানা প্রতিকূলতা উপেক্ষা করে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। দীর্ঘ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে পাহাড়ি ও বাঙালি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এয়াকুব আলী ৫৮ হাজার ৫৮৫ ভোট এবং বিএনপি থেকে বহিষ্কৃত সমীরণ দেওয়ান ৪৭ হাজার ৯১০ ভোট পেয়েছেন।

এই আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ৭ জন প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলনের মো. কাউছার এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ অন্য ৫ জন প্রার্থী সামান্য কিছু ভোট পেয়েছেন।

ওয়াদুদ ভূঁইয়ার এই জয় পার্বত্য চট্টগ্রামে বিএনপির রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করল। এর আগে তিনি ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবারের জয়কে সাধারণ মানুষের ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয়রা।

ফলাফল ঘোষণার পর খাগড়াছড়ি জেলা বিএনপি কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই জয় খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের। পাহাড়ে শান্তি ও উন্নয়নের ধারা ফিরিয়ে আনাই এখন আমাদের মূল লক্ষ্য।

জেএইচআর