নির্বাচনে জয়ের পর সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়ায় সিক্ত হলেন খুলনা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
শুক্রবার জুমার নামাজ শেষে খুলনার খালিশপুরস্থ গোয়ালখালী মসজিদে তাঁকে কাছে পেয়ে সাধারণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।
দুপুর থেকেই গোয়ালখালী মসজিদ এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়। কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল নির্ধারিত সময়ে মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন।
মোনাজাত শেষ হতেই মসজিদের ভেতরে ও আঙিনায় উপস্থিত শত শত মানুষ তাঁকে অভিনন্দন জানাতে এগিয়ে আসেন। এ সময় বকুল সাধারণ মানুষের মাঝে মিশে যান এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মুসল্লিদের সাথে দীর্ঘ সময় কোলাকুলি করেন। বয়োজ্যেষ্ঠদের দোয়া ও সালাম গ্রহণের মাধ্যমে তাঁর বিনয়ী উপস্থিতি সাধারণ ভোটারদের প্রশংসা কুড়ায়।
উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কুশল বিনিময়ে রকিবুল ইসলাম বকুল বলেন যে এই বিজয় সাধারণ মানুষের অধিকার পুনরুদ্ধারের বিজয়। জনগণ তাঁকে যে আমানত দিয়েছেন, তা সারাজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচনী লড়াই শেষ করে এখন সবাই মিলে এলাকাকে আধুনিক ও শান্তিপূর্ণ করার আহ্বান জানান তিনি।
মসজিদ থেকে বের হওয়ার সময়ও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাঁকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। রকিবুল ইসলাম বকুলের এই সহজ-সরল আচরণ সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে বলে স্থানীয়রা মন্তব্য করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন